সূচনা : ভূমিকম্প হল প্রকৃতির সবচেয়ে সাংঘাতিক বিপর্যয়—তার নিষ্ঠুরতম খেলা। এর কবলে পড়ে শত
শত বছরের অক্লান্ত চেষ্টায় গড়ে ওঠা কত সমৃদ্ধ জনপদ মুহূর্তে গুঁড়িয়ে গিয়েছে, তার ইয়ত্তা নেই। পৃথিবী
সৃষ্টির আদি কাল থেকেই এই ঘটনা ঘটছে। এই ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের
হাত থেকে বাঁচার কোনো উপায় এখনও মানুষ বের করতে পারেনি।
কারণ ও ফলাফল : ভূ-বিজ্ঞানীরা ভূমিকম্পের জন্য নানা কারণ নির্দেশ
করেছেন। একটি কারণ হল : প্রাকৃতিক নিয়মে ভূ-পৃষ্ঠের কোনো স্থান হঠাৎ
প্রসারিত হয় এবং পরক্ষণেই সংকুচিত হয়ে আগের জায়গায় ফিরে
আসে—এই সংকোচন-প্রসারণের ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে
পায়ের তলার মাটি এবং ঘরবাড়ি দুলতে থাকে। ভূ-কম্পনের তীব্রতা বেশি
হলে ঘরবাড়ি দুলতে দুলতে ভেঙে পড়ে। পথেঘাটে ফাটল দেখা দেয়,
কখনও কখনও ভেতর থেকে ফোয়ারার মতো জলধারা বেরিয়ে আসতে
থাকে। তীব্র ভূ-কম্পনে রাস্তাঘাট ও রেলপথ বসে যায়, এমন কী নদীর গতিপথও পরিবর্তিত হয়। এমনও দেখা
যায় প্রবল ভূমিকম্পে কোনো গ্রাম বা শহর সম্পূর্ণ মাটির তলায় বসে গেছে। এই পরিস্থিতিতে বহু মানুষ ও
গবাদি পশুর মৃত্যু তো স্বাভাবিক ঘটনা। মৃতের সংখ্যা কখনও কখনও হাজার পেরিয়ে লাখে গিয়ে পৌঁছয়।
উপসংহার : ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক বিপর্যয় যাতে মানুষের কিছুই করার নেই। মানুষ শুধুই
প্রকৃতির এই উদ্দাম ধ্বংসলীলার দর্শক এবং তার অসহায় শিকার। বনের জীবজন্তুরা ভূমিকম্পের পূর্বাভাস পায়,
কিন্তু মানুষের সে ক্ষমতা নেই—সে প্রকৃতির রুদ্ররোষের বলি হয় সহজেই।