সূচনা : অধ্যবসায় হল কোনো কিছু অর্জনের জন্য বার বার চেষ্টা করা। নিজের লক্ষ্যে অবিচল থেকে হেরে
গিয়েও পরাজয়কে স্বীকার না করে ফের চেষ্টা করা একটা বিরাট গুণ। কোনো ব্যাপারে হেরে যাওয়াটা
অস্বাভাবিক নয়। কিন্তু হেরে যাওয়ার পরে মুষড়ে পড়ে বা হতাশ হয়ে আর চেষ্টা
না করাটা সত্যিই অপরাধ।
অধ্যবসায়ের জয় : পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা সহজে এবং
অল্পায়াসে হয়। পৃথিবীর বিখ্যাত মানুষদের জীবনী পড়লেই আমরা জানতে পারি,
কীভাবে বার বার হারের পরেও তাঁরা চেষ্টা ছাড়েননি এবং শেষ পর্যন্ত জয়ী
হয়েছেন। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ছবার যুদ্ধে হেরে গিয়েও হাল ছাড়েননি।
সপ্তমবার যুদ্ধ করে যুদ্ধে জিতে রাজ্য পুনরধিকার করেছিলেন। গবেষণা করতে
গিয়ে বিজ্ঞানীরা বার বার ব্যর্থ হয়েও ছাড়েন না, শেষ পর্যন্ত বিরাট আবিষ্কার
করেন। জীবনের সর্বস্তরে এভাবে অধ্যবসায়ের জয় লক্ষ করা যায়।
উপসংহার : কোনো মানুষেরই জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়। অসংখ্য বাধাবিপত্তি, দুঃখ এবং পরাজয়
প্রতিটি মানুষের জীবনেই আসে। এদের অতিক্রম করে আবার চেষ্টা করাই প্রতিটি মানুষের ধর্ম হওয়া উচিত।
মনে রাখতে হবে, উদ্যমী এবং অধ্যবসায়ীরাই জীবনযুদ্ধে জয়ী হন, ভাগ্যদেবী তাঁদেরই গলায় বরমাল্য পরিয়ে
দেন।